টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আজ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।’তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।জামায়াতের সেক্রেটারি জেনারেল সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো আহ্বান জানান।বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি, তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।’একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।