ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হওয়া সত্ত্বেও তারেক রহমানের জীবনযাত্রা অত্যন্ত বিনয়ী ও সাধারণ। তাঁর মানবিক রাজনীতি ও লিগেসি শুধু উপমহাদেশে নয়, বিশ্ব রাজনীতিতেও বিরল।শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।জুলাই বিপ্লবে শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমার পড়াশোনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। সরকারি ছুটির দিনেও তিনি আর্তমানবতার সেবায় আমাদের দিয়ে কাজ করিয়ে নেন। এমনকি পশুপাখির প্রতিও তাঁর মমতা আমাদের জন্য শিক্ষণীয়।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং জপেল চাকমার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা করেন।